
প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো গড়ে ওঠে।
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এ বার্তায় তিনি দেশের ও প্রবাসের সব শ্রমিককে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ১৮৮৬ সালের হে মার্কেট ঘটনার শহীদ শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও জীবনমান উন্নয়ন সরকারের অগ্রাধিকার। শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান বৃদ্ধি এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং প্রবাসী শ্রমবাজার তৈরিতে অবদান রেখেছেন, যা এখন দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।
বাণীতে সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, নারী-পুরুষ সমতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি মে দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলোর সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।




































