
সংগৃহীত ছবি
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১ মে) রাজধানীর আইডিইবি কাউন্সিল হলে অনুষ্ঠিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামির দায়িত্বশীলদের সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই দেওয়া হতে পারে বলে জানা গেছে।
প্রার্থিতা ঘোষণার সময় সাদিক কায়েম উপস্থিত থাকলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটির জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সাদিক কায়েমকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলটি। আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পূর্ণমাত্রায় প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।








































