
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৩ মে) ভোরে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউ ইয়র্কে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হয়ে সম্মেলনে অংশ নেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন অনুযায়ী আগামী ৫-৮ মে পর্যন্ত নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিএমসি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দুদিন (৫ ও ৬ মে) বাংলাদেশের প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন। পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে বিশ্ব দরবারে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান, অর্জন ও সাফল্যের চিত্র তুলে ধরবেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।








































