
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে এবং দেশটি এখন টিকে থাকার লড়াই করছে।
ট্রাম্প ইরানকে দ্রুত আলোচনায় বসে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ এড়িয়ে ‘স্মার্ট সিদ্ধান্ত’ নেওয়াই সবার জন্য ভালো। তার দাবি, সংঘাত না হলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে পারত।
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে পরিস্থিতির ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে এবং এই অবরোধ ‘ইস্পাতের দেয়াল’-এর মতো কাজ করছে, যা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।
দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, জাহাজটি একা চলছিল এবং মার্কিন নৌবাহিনীর সুরক্ষিত বহরের অংশ ছিল না।
কূটনৈতিক যোগাযোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরান একদিকে সম্মানের সঙ্গে আলোচনা করে, অন্যদিকে প্রকাশ্যে তা অস্বীকার করে। তিনি দাবি করেন, সামরিকভাবে দুর্বল হয়ে পড়ায় ইরান চুক্তিতে আগ্রহী।
ইরানের অর্থনীতি নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ভেঙে পড়ছে, মুদ্রার মান কমে গেছে এবং মুদ্রাস্ফীতি অস্বাভাবিকভাবে বেড়েছে।
সবশেষে ট্রাম্প আবারও ইরানকে সতর্ক করে বলেন, সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না।









































