
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পরিবেশবান্ধব এসব গাড়ি কিনতে একজন গ্রাহক ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। তবে সাধারণ বা জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে আগের ৬০ লাখ টাকার ঋণসীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ঋণ-ইক্যুইটি অনুপাত বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো, ১ কোটি টাকা মূল্যের কোনো পরিবেশবান্ধব গাড়ি কিনতে চাইলে গ্রাহক ব্যাংক থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং বাকি ২০ শতাংশ অর্থ অর্থাৎ ২০ লাখ টাকা নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে। উল্লেখ্য, সাধারণ গাড়ির ক্ষেত্রে এই অনুপাত ৬০:৪০ বহাল রয়েছে।
একই সার্কুলারে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে জামানত ছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। আর উপযুক্ত জামানত সাপেক্ষে এই ঋণের পরিমাণ বাড়ানো গেলেও তা কোনোভাবেই ৪০ লাখ টাকার বেশি হতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ভোক্তা পণ্যের বাজার সম্প্রসারণ, মাথাপিছু আয় বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এই আর্থ-সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই ভোক্তা ঋণনীতিতে এমন পরিবর্তন আনা হয়েছে।
তবে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সার্কুলারে বলা হয়েছে, ভোক্তা অর্থায়নের প্রবৃদ্ধি যেন কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির হারকে অতিক্রম না করে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।









































