
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জামায়াত জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত এই সংসদ সদস্য শপথ গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে ১৯ মিনিট বিলম্বে মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) শুরুতে তাঁর মনোনয়ন গ্রহণ করেনি। পরবর্তীতে নুসরাত তাবাসসুম উচ্চ আদালতের দ্বারস্থ হন।
আদালতের নির্দেশনায় ইসি তাঁর মনোনয়ন গ্রহণ ও বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর মাধ্যমেই তাঁর সংসদ সদস্য হওয়ার পথ সুগম হয়।











































