
‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খান
‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন করা যাবে না।
তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্টিফিকেশন ছাড়াই নতুন গান ও কিছু দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগ উঠেছে।পাশাপাশি ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে প্রদর্শনের বিষয়টিও বোর্ডের নজরে এসেছে।
অভিযোগ অনুযায়ী, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ সিরিজের একটি গান এবং ভারতের মরুভূমিতে রামদা দিয়ে মানুষকে কুপিয়ে হত্যার বীভৎস দৃশ্য দেখানো হয়েছে। এছাড়া পূর্বে বোর্ড কর্তৃক বাদ দেওয়া কয়েকটি সহিংস দৃশ্য—যেমন হাত কেটে ফেলা ও গলার রগ কাটার দৃশ্য—আবার সংযোজন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। নারীদের অশালীন পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্যও স্থগিতাদেশের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমাটি দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।











































