
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবারের বাসসেবা চালুর দাবিকে কেন্দ্র করে প্রশাসন ও ডাকসু নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভা চলাকালে সভাকক্ষে প্রবেশ করে ডাকসু নেতারা বিক্ষোভ জানালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করেন।
এ সময় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা যেকোনো কর্মসূচি দিতে প্রস্তুত। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হচ্ছে না।
ডাকসু নেতাদের দাবি, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবারে বাস সার্ভিস চালুর উদ্দেশ্যে ইউজিসি থেকে প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ আনা হলেও কোষাধ্যক্ষের স্বাক্ষরের অভাবে তা আটকে রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপন করেও বিদ্যুৎ সংযোগ না দেওয়া এবং কেন্দ্রীয় মাঠ সংস্কারের কাজ শুরু না হওয়ায় প্রশাসনের সমালোচনা করেন তারা।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসন টালবাহানা করছে এবং ডাকসুকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে ডাকসুর সহসভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন হল সংসদের নেতারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করলে প্রায় আধাঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলে।













































