
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টানা কয়েকদিনের উত্তেজনার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে জমি কিনেছিলেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শান্তিগঞ্জ সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।
এদিকে সিলেট থেকে ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার গায়ে ঢিল লাগে এবং তিনি আহত হন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।







































