শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য


police

ফাইল ছবি

সাহসিকতা, বীরত্ব আর পেশাদারিত্বের স্বীকৃতি নিয়ে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও নানা প্রত্যাশা কাজ করছে। বিগত বছরের বিশেষ অবদানের স্বীকৃতির পাশাপাশি সরকারপ্রধানের সামনে বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন পুলিশের নীতিনির্ধারকরা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে বাহিনীর পক্ষ থেকে ছয়টি প্রধান দাবি জোরালোভাবে উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে অন্যতম হলো—বিদেশের বিভিন্ন দূতাবাস ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা। এছাড়া ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ মোকাবিলায় একটি শক্তিশালী ‘কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট’ গঠন এবং পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য আলাদা ‘মেডিকেল সার্ভিস’ চালুর দাবি জানানো হবে।

প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়নে সিলেট ও বরিশালে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন এবং চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রস্তাবও রয়েছে এবারের তালিকায়। পাশাপাশি আকাশপথে টহল ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ‘এভিয়েশন পুলিশ’ গঠন এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশ আরও দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।