
সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে অজান্তা দেব রায়। ছবি: সংগৃহীত
লন্ডনের মূলধারার রাজনীতিতে আবারও চমক দেখালেন সুনামগঞ্জের মেয়ে অজান্তা দেব রায়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম বরোতে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।
অজান্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বিশিষ্ট সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও রমা রানী দেবের মেয়ে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে একটি উপনির্বাচনে প্রথমবারের মতো বাঙালি হিসেবে এই বরো থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন অজান্তা। শেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় তাঁর সেই জনপ্রিয়তা এবারও অটুট থাকল। আগামী ৫ বছরের জন্য ভোটাররা আবারও তাঁর ওপর আস্থা রেখেছেন।
অজান্তার এই সাফল্যের পেছনে রয়েছে এক পরিশ্রমী ও মেধাবী শিক্ষাজীবন। ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করা অজান্তা সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। শুধু তাই নয়, লন্ডনের বিখ্যাত সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
লন্ডনে পড়াশোনার পাশাপাশি অজান্তা দীর্ঘ দিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। একপর্যায়ে তিনি ব্রিটিশ লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন এবং নিজের দক্ষতা দিয়ে দলের শীর্ষ পর্যায়ে জায়গা করে নেন।
মেয়ের এই অনন্য সাফল্যে গর্বিত বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, “আমার মেয়ে আগামী ৫ বছরের জন্য জনসেবার সুযোগ পেয়েছে, এটি আমাদের পরিবারের জন্য বড় পাওয়া। সে যেন সততা ও আন্তরিকতা দিয়ে প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য আমরা সবার আশীর্বাদ প্রার্থী।”













































