
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। রোববার ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের কাছে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা পাওয়া যায় বলে দাবি করা হয়। ক্ষুব্ধ জনতা আটক তিনজনকে গণপিটুনি দেয় এবং পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












































