রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী


কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, তারা পুলিশের ভূমিকার ওপর নির্ভরশীল। মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব।

তারেক রহমান বলেন, শুধু বিদেশে নয় দেশের মানুষের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।

স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগে নির্মম হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যেখানে ঘুমন্ত পালিশ সদস্যদের ওপর হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইটের’ নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ সব পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, শুধুমাত্র স্মরণের মধ্য দিয়েই আপনাদের-আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, দেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহিদ পুলিশ ভাইরা আত্মত্যাগ করেছিলেন, যেকোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।

এর আগে, পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত।

পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।