সোমবার । মে ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১০ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শেয়ার

বিজয়ের শপথে স্ত্রী ও সন্তানরা অনুপস্থিত, সামাজিক মাধ্যমে আলোচনা


Vijay Children

শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম এবং তাদের দুই সন্তান—ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্যা শাসার অনুপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

দক্ষিণী সুপারস্টার ও সদ্য শপথ নেওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। শপথ অনুষ্ঠানে তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম ও দুই সন্তানের অনুপস্থিতি নিয়ে ভক্তদের একাংশ হতাশা প্রকাশ করেছেন।

রোববার (১০ মে) চেন্নাইয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর সামনের সারিতে বসে ছেলের ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও দেখা যায়। যার সঙ্গে বিজয় প্রেমের সম্পর্কে আছেন বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে।

তবে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম এবং তাদের দুই সন্তান—ছেলে জেসন সঞ্জয় ও মেয়ে দিব্যা শাসার অনুপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে চলতি বছরের শুরুতে সঙ্গীতা-বিজয়ের দাম্পত্য বিচ্ছেদের খবর প্রকাশের পর বিষয়টি নতুন মাত্রা পায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লেখেন, ‘এত গুরুত্বপূর্ণ দিনে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি দেখে খারাপ লাগছে।’ আরেকজন মন্তব্য করেন, ‘ঐতিহাসিক এই মুহূর্তে বিজয়ের স্ত্রী ও সন্তানদের উপস্থিতি থাকলে আরও ভালো লাগত।’

কেউ কেউ আবার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। এক ব্যবহারকারী লেখেন, ‘বিজয় ও তার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বাইরের মানুষের মন্তব্য করা উচিত নয়। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কেমন কাজ করেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে কয়েকজন নেটিজেন অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বিরুদ্ধে সমালোচনারও বিরোধিতা করেছেন। তাদের ভাষ্য, বিজয় ও সঙ্গীতা বহুদিন ধরেই আলাদা থাকছিলেন, তাই এ নিয়ে অযথা জল্পনা না করাই ভালো।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা স্বর্ণালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেন বলে খবর প্রকাশিত হয়। সেই আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তোলেন। এরপরই চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রকম পোশাকে দেখা গেলে গুঞ্জন আরও জোরালো হয়।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, বিজয় ও সঙ্গীতার বিয়ে প্রথমে ১৯৯৮ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে নিবন্ধিত হয়। পরে ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ের রাজাহ মুথিয়া মন্দিরে হিন্দু রীতিতে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। আবেদনে সঙ্গীতা দাবি করেন, ২০২১ সালের পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং স্বামীর কথিত পরকীয়ার বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সঙ্গীতা ও তাদের সন্তানরা জনসম্মুখে খুব কমই এসেছেন এবং সবসময় ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন।