সোমবার । মে ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ মে ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার

চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ ও ‘একপাক্ষিক’ দাবি করছে: ইরান


Ismail Baghai

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় ‘অযৌক্তিক’ ও ‘একপাক্ষিক’ দাবি তোলার অভিযোগ করেছে ইরান। দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকলেও উত্তেজনা এখনো কমেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, তেহরান যে শান্তি প্রস্তাব দিয়েছে তা ‘বৈধ ও দায়িত্বশীল’। তিনি যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবি জানান।

ইরান আরও বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা তাদের অন্যতম দাবি। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলো ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

ইরান রোববার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘আমি ইরানের প্রতিনিধিদের জবাব পড়েছি। আমি এটি পছন্দ করিনি। কারণ এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানে অনড় রয়েছে। ফলে যুদ্ধ বন্ধে দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কমে যাচ্ছে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর পড়ছে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল