বুধবার । মে ১৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১২ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

নিজের জ্যোতিষীকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বানালেন বিজয়


vetrivel

বিজয় ও ভেত্রিভেল

অভিনেতা-রাজনীতিক বিজয়–এর দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) জ্যোতিষী রাধান পণ্ডিত ভেত্রিভেলকে মুখ্যমন্ত্রীর অফিসের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগের পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইরোডে জন্ম নেওয়া ভেত্রিভেল একসময় সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ঘনিষ্ঠ জ্যোতিষী হিসেবে পরিচিত ছিলেন। তবে একটি বড় ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটে।

জানা যায়, আয়বহির্ভূত সম্পদের মামলায় জয়ললিতাকে জেলে যেতে হবে না বলে আশ্বাস দিয়েছিলেন ভেত্রিভেল। কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে জয়ললিতার কারাদণ্ড হলে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর জয়ললিতা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভেত্রিভেল সিঙ্গাপুরে চলে যান।

সিঙ্গাপুরে থাকার সময়ই তিনি নিজের পরিচয়ে পরিবর্তন আনেন। ‘রাধান পণ্ডিত ভেত্রিভেল’ নাম গ্রহণ করেন তিনি, যাতে উত্তর ভারতীয় একটি পরিচিতি ফুটে ওঠে। রাজনৈতিক ও প্রবাসী মহলে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছিল বলে তার ঘনিষ্ঠদের দাবি।

পরে দিল্লি হয়ে তামিলনাড়ুতে ফিরে এসে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে বিজয়ের রাজনৈতিক শিবিরের সঙ্গে যুক্ত হন ভেত্রিভেল। ধীরে ধীরে বিজয়ের রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রভাবও দেখা যেতে থাকে।

সূত্রের দাবি, বিজয়কে এমন একটি আসন থেকে নির্বাচনে লড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি, যার নাম ইংরেজি ‘V’ অক্ষর দিয়ে শুরু। এছাড়া নির্বাচনের সময় বিভিন্ন ইউটিউব সাক্ষাৎকারে বিজয় ও টিভিকের রাজনৈতিক উত্থান নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ভেত্রিভেল।

তামিলনাড়ুর রাজনীতিতে নেতাদের ব্যক্তিগতভাবে জ্যোতিষীদের পরামর্শ নেওয়ার ঘটনা নতুন নয়। তবে কোনও জ্যোতিষীকে সরাসরি দলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো বিরল ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।