
ফাইল ছবি
সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে এ সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগে দেওয়া ভারী বৃষ্টির সতর্কবার্তায় শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হলেও নতুন পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং মঙ্গলবারের দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার ভাষ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নরসিংদীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এ সময় কোনো বৃষ্টি হয়নি।
এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া বিরাজ করায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় থাকা আরেকটি লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে একইসঙ্গে তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশে কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।







































