
ফাইল ছবি
পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। তবে এর মধ্যেই সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে চলতি মওসুমে মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।
আজ শনিবার (১৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে এখন পর্যন্ত তিন এয়ারলাইনসের মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বোচ্চ ৭৫টি, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
সবশেষ গত শুক্রবার (১৫ মে) বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা মো. এ মজিদ (৭৫) পবিত্র মদিনা মুনাওয়ারায় মারা গেছেন। এখন পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন; যাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৪ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে নিয়মিত হজ ফ্লাইট চলবে।
এরপর পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুনের মধ্যে দেশে ফেরার এই ফিরতি ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।







































