রবিবার । মে ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ মে ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার

হামে শিশুমৃত্যু সরকারের চরম ব্যর্থতা: নাহিদ ইসলাম


nahid

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনাকে সরকারের ‘চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি জানিয়েছেন, দ্রুত দেশে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশ খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্যসহ একাধিক সংকটে রয়েছে, কিন্তু সরকার কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। তার দাবি, সারা দেশে হামের ভয়াবহ বিস্তারের কারণে ইতিমধ্যে চার শতাধিক শিশু মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি হাসপাতালকে শুধু হাম চিকিৎসার জন্য বিশেষায়িত ঘোষণা করারও আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার সব ব্যর্থতার দায় আগের অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। যদি আগের সরকারের কোনো অব্যবস্থাপনা থেকেও থাকে, তবে তার বিচার হওয়া উচিত, তবে বর্তমান সরকারও দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সরকার জনগণের সংস্কার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সেই প্রত্যাশা উপেক্ষা করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি নিয়েও সমালোচনা করেন তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে আলোচনা ও জনগণের সামনে উন্মুক্ত করে সম্পাদনের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে দেশ পরিচালনা জনগণ মেনে নেবে না।

ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে বাংলাদেশ-ভারত সীমান্তকে বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। দেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য হিস্যা রক্ষায় প্রয়োজনে ‘সীমান্ত লংমার্চ’ কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তিনি।