
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৬৪ মিলিয়ন ডলার) ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। দেশটির কর কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ তারা ভুলভাবে শাকিরার বিরুদ্ধে বকেয়া করের মামলা করে এই টাকা আদায় করেছিল।
গতকাল সোমবার মাদ্রিদের উচ্চ আদালত জানায়, ২০২১ সালে স্পেনের কর বিভাগ দাবি করেছিল যে শাকিরা ২০১১ সালে ১৮৩ দিনের বেশি সময় স্পেনে ছিলেন। সে কারণে তাকে দেশটির কর আইনের আওতায় আয়কর দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে আদালত জানায়, শাকিরা ওই বছর আসলে ১৬৩ দিন স্পেনে অবস্থান করেছিলেন। ফলে তিনি কর আইনে স্পেনের ‘বাসিন্দা’ হিসেবে গণ্য হন না এবং তার বিরুদ্ধে আরোপিত জরিমানা সঠিক ছিল না।
রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘এই রায় সত্যকে প্রতিষ্ঠা করেছে। আমার নাম ও জনপ্রিয়তাকে ব্যবহার করে অন্য করদাতাদের জন্য ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজ আদালতের রায় সেই গল্পকে ভেঙে দিয়েছে।’
তবে আদালত স্পষ্ট করেছে, এই রায় শুধুমাত্র ২০১১ সালের কর সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য। এর আগে ২০২৩ সালে ২০১২ থেকে ২০১৪ সালের কর ফাঁকির আরেকটি মামলায় শাকিরা সমঝোতায় পৌঁছান। সে সময় তিনি অভিযোগ স্বীকার করে বকেয়া কর ও অতিরিক্ত জরিমানা দিতে রাজি হন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল















































