বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

খুমেক হাসপাতালে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


khulna-medical-college

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাতে যখন রোগীরা ঘুমন্ত ছিলেন, তখন হঠাৎ ভবনের চতুর্থ তলায় ধোঁয়া ও আগুনের তীব্র শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনেরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে ১০টি ইউনিট আগুন নির্বাপণ কাজে যোগ দেয় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর পেছনে অন্য কোনো সুনির্দিষ্ট কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আইনুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আসায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বর্তমানে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা এখনই বলা সম্ভব নয়।’