
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যাঁরা ভারতে প্রবেশ করেছেন এবং সিএএর আওতায় পড়েন না, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে। পরে বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশনা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, সিএএর আওতায় থাকা সাতটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনো হয়রানি করতে পারবে না। তবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম নাগরিকদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার সিএএর বিরোধিতা করলেও সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ নেয়নি। তিনি জানান, সীমান্তবর্তী থানাগুলোতে নতুন করে আইন কার্যকর করা হচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি অনুসরণ করা হবে।
একই সঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের ঘোষণাও দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।













































