
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ জবাব পর্যালোচনা করছে ইরান। সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দফা বার্তা আদান-প্রদান হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের প্রস্তাবিত ১৪ দফার মূল খসড়ার ভিত্তিতে পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষের মধ্যে একাধিকবার বার্তা বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের মতামত ইতোমধ্যে তেহরানের হাতে পৌঁছেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এই আলোচনা এখনো চূড়ান্ত কোনো পর্যায়ে পৌঁছেনি। তবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই পরিস্থিতি শান্ত করার পথ খুঁজছে।
এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রধান অসিম মুনির আজ আবার ইরান সফরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে আল আরাবিয়া। শান্তি প্রস্তাবের আলোচনাকে ফলপ্রসূ করার চেষ্টার অংশ হিসেবে তার এই সফর।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা ইস্যুতে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।












































