
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ভুক্তভোগী ওই পরিবারের পক্ষে আদালতের কাঠগড়ায় আইনি লড়াই চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই জ্যেষ্ঠ আইনজীবী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে শিশির মনির লিখেছেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’ তাঁর এমন দায়িত্বশীল ঘোষণার পর দেশজুড়ে আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারটি বড় ধরনের আইনি সমর্থন পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনার পর পুরো দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার একপর্যায়ে, অবুজ শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার কথা স্বীকার করে ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা।
এই বর্বরোচিত মামলার বিচার প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ করতে রাষ্ট্রপক্ষের পাশাপাশি এবার নিহতের পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে শামিল হচ্ছেন দেশের এই শীর্ষস্থানীয় আইনজীবী।













































