শনিবার । মে ২৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২২ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় রাজাকে নিয়ে ‘মানহানিকর’ কনটেন্ট সরাতে টিকটককে নির্দেশ


tiktok

আগের সতর্কবার্তাগুলোর প্রতি টিকটকের প্রতিক্রিয়া ‘অসন্তোষজনক’ হওয়ায় এই নির্দেশ জারি করা হয়েছে

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) দেশটির রাজা সুলতান ইব্রাহিমকে ঘিরে প্রচারিত ‘মানহানিকর’ কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিকটককে নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এমসিএমসি জানায়, রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একটি অ্যাকাউন্ট থেকে ছড়ানো কনটেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিকে ‘তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা’ নিতে বলা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, তাদের নির্দেশনায় টিকটককে কনটেন্ট মডারেশন নীতিমালা আরও কঠোর করতে এবং কেন তারা ‘অত্যন্ত আপত্তিকর, মিথ্যা, ভয়ভীতি সৃষ্টিকারী ও অপমানজনক’ কনটেন্ট—যার মধ্যে এআই-নির্মিত ভিডিও ও বিকৃত ছবি রয়েছে—অবরোধ করতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এমসিএমসি বলেছে, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মিথ্যা বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর তথ্য ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে, বিশেষ করে তা যদি রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত হয়।

সংস্থাটি আরও জানায়, আগের সতর্কবার্তাগুলোর প্রতি টিকটকের প্রতিক্রিয়া ‘অসন্তোষজনক’ হওয়ায় এই নির্দেশ জারি করা হয়েছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এমসিএমসি তাদের বিবৃতিতে বলেছে, ‘ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেন মালয়েশিয়ায় নিরাপদ, সুরক্ষিত ও সম্মানজনক অনলাইন পরিবেশ বজায় রাখতে তাদের দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে প্রয়োজনে কমিশন দৃঢ় ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।’

সাংবিধানিক রাজতন্ত্রের দেশ মালয়েশিয়ায় রাজপরিবারের বিরুদ্ধে ‘ঘৃণা বা অবমাননা’ উসকে দেয়—এমন বক্তব্য ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। টিকটকের বিরুদ্ধে এমসিএমসির এই পদক্ষেপ দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর অংশ।

গত জানুয়ারিতে, সম্মতি ছাড়া মানুষের যৌন উত্তেজক ছবি তৈরিতে ব্যবহারের অভিযোগে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়া এআই সহকারী গ্রোকের প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ করেছিল এমসিএমসি।

এছাড়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফ্রান্সের মতো দেশের পদক্ষেপ অনুসরণ করে মালয়েশিয়া সরকার বর্তমানে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে গত বছর পাস হওয়া আইন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।