
অল্প কয়েক দিন আগেই পেন্টাগন দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের একটি পরিকল্পনা স্থগিত করেছিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাবে। অল্প কয়েক দিন আগেই পেন্টাগন দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের একটি পরিকল্পনা স্থগিত করেছিল।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরোকির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের নির্বাচনে নাভরোকিকে সমর্থনও দিয়েছিলেন ট্রাম্প।
তবে নতুন সেনারা আগের স্থগিত হওয়া পরিকল্পনার অংশ নাকি আলাদা কোনো মিশনের আওতায় যাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে ইউরোপে সামরিক ব্যয় কমাতে চায় ওয়াশিংটন।
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র জার্মানি থেকেও ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। ইরান ইস্যুতে ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের মধ্যে মতবিরোধের পর এই সিদ্ধান্ত আসে।
এদিকে শুক্রবার সুইডেনে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় মিত্রদের আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট নাভরোকি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পই একমাত্র বিশ্বনেতা যিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন।










































