
কেবল দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরাই অনুষ্ঠানে অংশ নেবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বিয়ে করতে যাচ্ছেন। বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে হবে সেই বিয়ে। কিন্তু ছোট ট্রাম্পের বিয়েতে থাকছেন না বড় ট্রাম্প।
বিয়েটিকে একান্ত ব্যক্তিগত রাখতেই অতিথি তালিকা ইচ্ছাকৃতভাবে ছোট রাখা হয়েছে। কেবল দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরাই অনুষ্ঠানে অংশ নেবেন। মোট অতিথি সংখ্যা ৫০ জনেরও কম।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেও বিয়েতে যাওয়া নিয়ে স্পষ্ট কিছু বলেননি।
তিনি বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি যাই। কিন্তু এটি খুব ছোট ও ব্যক্তিগত একটি অনুষ্ঠান। আমি যাওয়ার চেষ্টা করব। সময়টা আমার জন্য খুব একটা সুবিধাজনক নয়। ইরানসহ আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।’
শুরু থেকেই ধারণা করা হচ্ছিল ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। কারণ বর-কনে চেয়েছিলেন বিয়েটি যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে। প্রেসিডেন্টের সরকারি সূচীতেও বাহামা সফরের কোনো উল্লেখ নেই।
সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করে বলেন, ‘এটা এমন একটি বিষয় যেখানে আমি কোনোভাবেই জিততে পারব না। যদি যাই, সমালোচনা হবে। যদি না যাই, তবুও সমালোচনা হবে।’
এটি ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভেনেসা ট্রাম্পের সঙ্গে ১২ বছর সংসার করার পর ২০১৮ সালে বিচ্ছেদে যান। সম্প্রতি ভেনেসা ট্রাম্প জানিয়েছেন, তার স্তন ক্যানসার ধরা পড়েছে।











































