শনিবার । মে ২৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড


Tulsi Gabbard

তুলসি গ্যাবার্ড ।। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড পদত্যাগ করছেন। আসছে জুন মাসের পর তিনি আর এই দায়িত্বে থাকছেন না।

জানা গেছে বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত স্বামী আব্রাহাম উইলিয়ামসের পাশে থাকার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, তার স্বামী সম্প্রতি অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং সামনে তাকে কঠিন চিকিৎসা ও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ পরিস্থিতিতে স্বামীর পাশে থেকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য তাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।

গ্যাবার্ড লিখেছেন, ‘গত ১১ বছরের দাম্পত্য জীবনে আব্রাহাম সবসময় আমার সবচেয়ে বড় শক্তি ছিলেন। আফ্রিকায় সামরিক মিশন, একাধিক রাজনৈতিক প্রচারণা এবং বর্তমান দায়িত্ব—প্রতিটি কঠিন সময়ে তিনি আমার পাশে ছিলেন। এখন তার এই লড়াইয়ে তাকে একা রেখে আমি এই ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পদে কাজ চালিয়ে যেতে পারি না।’

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প গ্যাবার্ডের প্রশংসা করেন এবং জানান, বর্তমান প্রধান উপ-জাতীয় গোয়েন্দা পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত ডিএনআই হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘তুলসির স্বামী আব্রাহাম বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি স্বামীর পাশে থাকতে চান এবং তাদের এই কঠিন লড়াইয়ে তাকে সহায়তা করতে চান। তুলসি অসাধারণ কাজ করেছেন, আমরা তাকে মিস করব।’

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই গ্যাবার্ড প্রশাসন ছাড়তে পারেন—এমন গুঞ্জন চলছিল। তবে মাত্র দুই সপ্তাহ আগেও তিনি প্রশাসন ছাড়ার কথা অস্বীকার করেছিলেন।

গ্যাবার্ডের দায়িত্ব পালনকাল নানা বিতর্ক ও বিভ্রান্তিকর বার্তার কারণে আলোচনায় ছিল, বিশেষ করে ইরান-সংক্রান্ত মার্কিন নীতির বিষয়ে। এসব ইস্যুতে মাঝে মাঝে তিনি হোয়াইট হাউসের অবস্থানের সঙ্গে মতপার্থক্যে জড়িয়েছিলেন।

তিনি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সময়ে দায়িত্ব ছাড়তে যাওয়া আরেকজন মন্ত্রিপর্যায়ের কর্মকর্তা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও প্রশাসন থেকে বিদায় নিয়েছেন।

একসময় ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ছিলেন তুলসি গ্যাবার্ড। তিনি হাওয়াইয়ের ২য় কংগ্রেশনাল জেলা থেকে নির্বাচিত হয়ে কংগ্রেসে প্রথম আমেরিকান সামোয়ান ও প্রথম হিন্দু সদস্য হিসেবে ইতিহাস গড়েন। ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও পরে দল ত্যাগ করেন।

পরবর্তীতে তিনি ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন, তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে বিতর্কের প্রস্তুতিতেও সহায়তা করেন। নির্বাচনের আগে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ট্রাম্পের ক্ষমতা গ্রহণ-প্রক্রিয়ার টিমেও কাজ করেন। পরে ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব দেন, যিনি যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকি করেন।