শনিবার । মে ২৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৩ মে ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার

তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল


ashraful-baby

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাবেক এই টাইগার দলপতি। আশরাফুল-আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। গতকাল শুক্রবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও সমর্থকদের এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

ফেসবুক স্ট্যাটাসে আশরাফুল জানান, শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তা’আলা তাদের পরিবারে আরও একটি ফুটফুটে পুত্রসন্তান দান করেছেন। নবজাতক ও মা দুজনেই বর্তমানে সুস্থ আছেন।

সন্তান জন্মের আনন্দ প্রকাশ করে আশরাফুল নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তা’আলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।”

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ আরও লেখেন, “আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।”

নতুন অতিথির আগমনে আশরাফুলের পরিবারে এখন উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্ত ও সতীর্থরা এই তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন। পরিশেষে সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়ে আশরাফুল লেখেন, “আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)।”