শনিবার । মে ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক


china-coal-mine-blast

ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের ‘লিউশেনিউ’ কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় খনিটির অভ্যন্তরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

দুর্ঘটনার পর পরই খনি এলাকায় শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান। সিনহুয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে অন্তত ২০০ জন শ্রমিককে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো যারা মাটির নিচে আটকা আছেন, সময় বাড়ার সাথে সাথে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে সেখানে উদ্ধারকর্মীরা অবিরাম কাজ করে যাচ্ছেন।

এদিকে খনিতে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিখোঁজ ও আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে এর পেছনে দায়ী ব্যক্তিদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া আহ্বান জানিয়েছেন তিনি।

ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনি অঞ্চল হিসেবে পরিচিত। ইউরোপের দেশ গ্রীসের চেয়েও বড় আয়তনের এই প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছরও এই প্রদেশটি থেকে রেকর্ড ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা পুরো চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে উৎপাদন বেশি হলেও শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। যথাযথ সুরক্ষার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশের বিভিন্ন কয়লা খনিতে হাজার হাজার ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানির রেকর্ড রয়েছে।