শুক্রবার । মে ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩


bogura-accident

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের বারোমাইল এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কাজ শুরু করেন।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আমরা মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছি।” এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন ঘটনার বিবরণ দিয়ে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের তীব্রতা অনেক বেশি ছিল এবং এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা সেখানে কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় জানা সম্ভব হবে।”