
ছবি: সংগৃহীত
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল-আমিন শেখের ছেলে যাত্রী জুনায়েদ শেখ (১৩) এবং একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে ইজিবাইক চালক রুবেল শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে আশ্রাফপুর এলাকায় মনোহরদীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ইজিবাইকটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইক চালক রুবেল শেখ, যাত্রী জুনায়েদ শেখ ও তাঁর মা মাহফুজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি রেখে চালকসহ আরোহীরা পালিয়ে যাওয়ায় গাড়িতে কাউকে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ শেখকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চালক রুবেল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিবপুর থানার বড়ইতলা নামক স্থানে পৌঁছালে তিনি পথিমধ্যেই দমে যান। এছাড়া দুর্ঘটনায় আহত জুনায়েদের মা মাহফুজা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।












































