শনিবার । মে ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

শহীদ জিয়ার আদর্শে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সমাজের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত, যা শহীদ জিয়ার আদর্শ ও শিক্ষার অংশ।

তারেক রহমান বলেন, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি সবাইকে মানবিক দায়িত্ব পালনের শপথ নেওয়ার আহ্বান জানান।

এর আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী রাজধানীর পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোরবানির বর্জ্যের পাশাপাশি দৈনন্দিন আবর্জনা ব্যবস্থাপনাতেও নজর দিতে হবে। সিটি করপোরেশন ও পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালন করলেও নগরবাসীরও শহর পরিষ্কার রাখার দায়িত্ব রয়েছে।

জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনৈতিক দর্শন। জনগণের সমর্থন ও সহযোগিতায় সরকার দেশকে এগিয়ে নিতে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।