বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুন ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

বৃহস্পতিবার দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী


khalilur-rahman

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ।। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই দিনে তার সঙ্গে দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও।

গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশ্বমঞ্চের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পদে বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার সকালে ঢাকায় নেমেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছরে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বৈশ্বিক সংকট মোকাবেলা এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এবং আগামী এক বছর বিশ্ব সংস্থার এই গুরুত্বপূর্ণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।