
নূর হিদায়া ও সোহেল খলিফা। ছবি: সংগৃহীত
প্রেমের কোনো সীমানা নেই, মানে না কোনো কাঁটাতার। সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া। ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে তিনি ছুটে এসেছেন বরিশালের গৌরনদীতে। উপজেলার চাঁদশী ইউনিয়নের প্রবাসী যুবক মো. সোহেল খলিফা ওরফে সুমনের সঙ্গে তাঁর সেই ভালোবাসার সম্পর্ককে এবার পারিবারিক ও সামাজিকভাবে রূপ দিতে সম্পন্ন হলো এক জমকালো বিয়ের অনুষ্ঠান।
আজ বুধবার (৩ জুন) দুপুরে বর সোহেলের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সোহেলের পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদীর নাঠৈ গ্রামের মৃত আব্দুল করিম খলিফার ছেলে মো. সোহেল খলিফা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন। সেখানে থাকাকালীনই স্থানীয় তরুণী নূর হিদায়ার সাথে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে তা গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে দেড় বছর আগে তাঁরা মালয়েশিয়াতেই আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দেশের মাটিতে স্বজনদের নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা থেকে এই আয়োজন।
বর মো. সোহেল খলিফা আনন্দ প্রকাশ করে বলেন, ‘নূর হিদায়া আমাকে ও আমার দেশকে ভীষণ ভালোবাসে। মালয়েশিয়ায় আমাদের বিয়ে হলেও ইচ্ছে ছিল দেশের মাটিতে পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠান করার। নূর আমার পরিবারের সাথে খুব দ্রুত মিশে গেছে। ও নিজে উদ্যোগী হয়ে বাংলা ভাষা ও বাংলাদেশের জাতীয় সংগীত শিখেছে।’
এদিকে গ্রামবাংলায় বিদেশি পুত্রবধূ আসার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সম্পূর্ণ বাঙালি সাজে সেজে থাকা নূর হিদায়াকে এক নজর দেখতে সোহেলের বাড়িতে সকাল থেকেই ভিড় জমান উৎসুক এলাকাবাসী।
বিয়ের অনুষ্ঠানে আসা স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামে এর আগে কখনো বিদেশি বউ আসেনি। খবর শুনেই কৌতূহল নিয়ে দেখতে এসেছি।’ আরেক ষাটোর্ধ্ব আমেনা বেগম বলেন, ‘বিদেশি মেয়ে হলেও আমাদের বাঙালি সাজে তাকে খুব সুন্দর লাগছে। দোয়া করি তারা যেন সুখে থাকে।’
বিয়ের আয়োজনে অন্যতম প্রধান আকর্ষণ ছিল নূর হিদায়া মালয়েশিয়ান ভাষার পাশাপাশি অল্প অল্প বাংলা বলতে পারেন। শুধু তাই নয়, বিয়ের আসরে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিয়ে স্পষ্ট কণ্ঠে গেয়ে শোনান বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। তাঁর এই দেশপ্রেম ও আন্তরিকতা মুখরিত করেছে পুরো বিয়ের অনুষ্ঠানকে।












































