বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

বৃদ্ধা মায়ের মৃত্যু ঘিরে সমালোচনার মুখে যুগ্ম সচিব ছেলে ওএসডি


Mother-Neglected

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্তানদের অবহেলার অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার পর তার ছেলে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে তাকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পিতামাতার ভরণপোষণ-সংক্রান্ত বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে একটি স্কুলের শিক্ষক। গত রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে। অভিযোগ রয়েছে, একই বাসার অন্য কক্ষে বসবাস করলেও মেয়ে মায়ের মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি।

২০১৩ সালের পিতামাতার ভরণপোষণ আইনে সন্তানদের জন্য বাবা-মায়ের ভরণপোষণ, চিকিৎসা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করলে জরিমানা বা কারাদণ্ডের বিধানও রয়েছে। এ ঘটনায় ওই আইনের আওতায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন তদন্ত ও যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করছে।