
ফাইল ছবি
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই আগামী সপ্তাহজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়া ও কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৃষ্টিপাত বাড়াতে সহায়ক হবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সপ্তাহের বিভিন্ন সময়ে দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুরসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে এবং কিছু এলাকায় চলমান তাপপ্রবাহও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।












































