
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর এবার সভাপতির দায়িত্বও পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর মধ্য দিয়ে তামিম বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইশরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পান তামিম ইকবাল। এরপর ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সালের ঝুলিতে যায় ৬৮ ভোট।
এ ছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে, আসিফ রাব্বানি ৬৪টি এবং মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পান। রফিকুল ইসলাম বাবু পান ৫৩ ভোট, আর ডা. মাহবুব শামীম পান ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। নির্বাচনে বিপুল সমর্থন পাওয়ার পাশাপাশি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বিসিবির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তামিম ইকবাল।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস














































