
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক সাক্ষাৎকার মাঝপথে ছেড়ে বেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তার বিভিন্ন দাবির পক্ষে প্রমাণ চাইলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ট্রাম্প সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে উঠে যান।
রোববার সম্প্রচারিত এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ ট্রাম্প দাবি করেন, ক্যালিফোর্নিয়ার চলমান প্রাইমারি নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল ‘কারচুপিপূর্ণ’।
ক্যালিফোর্নিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগের পক্ষে প্রমাণ আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি শুধু দেখি এবং শুনি, সেটাই যথেষ্ট।’জবাবে ওয়েলকার বলেন, ‘এটা কোনো প্রমাণ নয়।’
এরপর ট্রাম্প গণমাধ্যমকে ‘অসৎ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযুক্ত করেন। পরে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এখানেই শেষ করি। আমার যথেষ্ট হয়েছে।’
সাক্ষাৎকারটি উইসকনসিন অঙ্গরাজ্যে কৃষকদের একটি অনুষ্ঠানে ধারণ করা হয়। তবে বৃষ্টি ও প্রযুক্তিগত সমস্যার কারণে বারবার বাধাগ্রস্ত হয়। এনবিসির তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রায় ৫০ মিনিট সাক্ষাৎকার দেওয়ার পর সেট ত্যাগ করেন।
সাক্ষাৎকারের বড় একটি অংশজুড়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে আলোচনা হয়। ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রয়োজন ছিল এবং এটি ‘অন্তহীন যুদ্ধ’ হবে না।
তিনি দাবি করেন, ‘আমরা কয়েক মাসের জন্য সেখানে আছি, এরপর বড় ধরনের হুমকি অনেকটাই শেষ হয়ে যাবে।’
পরে আলোচনায় আসে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা এবং ২০২০ সালের নির্বাচনের প্রসঙ্গ। ট্রাম্প আবারও নির্বাচন কারচুপির অভিযোগ তোলেন, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ক্যালিফোর্নিয়ার ভোট গণনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প অভিযোগ করেন, ‘তারা নির্বাচনে কারচুপি করছে।’
ওয়েলকার তখন জানতে চান, ‘এ অভিযোগের পক্ষে আপনার কোনো প্রমাণ আছে?’
ট্রাম্প আগের মতোই বলেন, ‘আমি দেখি এবং শুনি।’
ওয়েলকার পুনরায় বলেন, ‘কিন্তু এটা তো প্রমাণ নয়।’
এরপর ট্রাম্প উপস্থাপককে উদ্দেশ করে বলেন, ‘তোমরা অসৎ।’ ওয়েলকার জবাব দেন, ‘ন্যায্যতার খাতিরে বলছি, আমি অসৎ নই। চলুন আলোচনা চালিয়ে যাই।’
তর্ক আরও বাড়লে ট্রাম্প বলেন, ‘তুমি হয় অসৎ, নয়তো বোকা।’
একপর্যায়ে তিনি সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে বলেন, ‘বৃষ্টি মাথায় নিয়ে প্রায় এক ঘণ্টা সময় দিয়েছি। যথেষ্ট হয়েছে।’ এসময় গণমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘অসৎ সংবাদমাধ্যম নিয়ে কোনো দেশ কখনো মহান হতে পারে না।’
এরপর তিনি ক্যামেরার পেছনে থাকা সহযোগীদের উদ্দেশে ‘চলো, যাই’ বলে উঠে দাঁড়িয়ে সেট ত্যাগ করেন।
সাক্ষাৎকার সম্প্রচারের পর ক্রিস্টেন ওয়েলকার জানান, তার সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। দুজনই স্বীকার করেছেন যে বৃষ্টির কারণে সাক্ষাৎকারে নানা জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, ট্রাম্প ভবিষ্যতে ‘মিট দ্য প্রেস’-এ আবারও সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছেন।










































