সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শেয়ার

প্রটোকল ছাড়াই হঠাৎ রাজস্ব সার্কেলে মন্ত্রী, অতঃপর…


Mir Helal

পুলিশ প্রটোকল, সরকারি দেহরক্ষী এবং পতাকাবাহী গাড়ি ছাড়াই ব্যক্তিগত গাড়িতে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। আজ সোমবারের (৮ জুন) এই পরিদর্শনে দুই কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও ঘাটতির চিত্র উঠে আসে।

পরিদর্শনের শুরুতে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত। প্রতিমন্ত্রী আসার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কার্যালয়ে পৌঁছান।

এ সময় দেখা যায়, কার্যালয়ের আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন। অফিসের বাইরে অপেক্ষমাণ কয়েকজন সেবাপ্রার্থী এ সময় প্রতিমন্ত্রীকে জানান, দীর্ঘদিন ধরে তারা প্রয়োজনীয় সেবা না পেয়ে বারবার ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

পরে প্রতিমন্ত্রী কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সময় যাচাই করেন। এ সময় তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের অবকাঠামোগত দুর্বলতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন।

রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিট পরিদর্শনকালে দেখা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। প্রতিমন্ত্রী একাধিক রেকর্ড রুম ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ সময় কর্মকর্তারা জানান, সার্ভারজনিত সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্ভার-সংক্রান্ত দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরবর্তীতে তিনি আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কার্যালয়সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাটের উপস্থিতি তার নজরে আসে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক এ পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া—উভয় রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, কর্মকর্তা উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও ঘাটতির বিষয় সামনে আসে।