বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৮ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শেয়ার

ভারতের মহারাষ্ট্রে আবারও রাজনৈতিক উত্তেজনা


udhvab

ভারতের মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। দলের একাংশের দাবি, কংগ্রেসের সঙ্গে দলটির সম্ভাব্য একীভূত হওয়ার আশঙ্কা থেকেই এই বিদ্রোহের সূত্রপাত। এদিকে বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে থাকা ছয় সংসদ সদস্যকে ওয়াই-প্লাস মানের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

গত চার বছরে মহারাষ্ট্রে এটি তৃতীয় বড় রাজনৈতিক ভাঙন। এর আগে ২০২২ সালে শিবসেনা এবং ২০২৩ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) বিভক্তি দেখা গিয়েছিল।

বৈঠকে অনুপস্থিত ছয় এমপি
বৃহস্পতিবার দলিটির নয়জন লোকসভা সদস্যের মধ্যে ছয়জনই দলীয় হুইপ উপেক্ষা করে নয়াদিল্লিতে আয়োজিত শিবসেনা (ইউবিটি)-র সংসদীয় দলের বৈঠকে যোগ দেননি।

উদ্ধব ঠাকরের প্রতি সমর্থন যাচাই এবং দলভাঙন ঠেকানোর উপায় খুঁজতেই বৈঠকটি ডাকা হয়েছিল। তবে ছয় এমপির অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এর আগের দিন বিদ্রোহী এমপিরা পৃথক গ্রুপ হিসেবে স্বীকৃতি চেয়ে একটি চিঠিতে সই করেন। পরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনার কথাও সামনে আসে।

বিদ্রোহের কারণ কী?
শিন্ডে ঘনিষ্ঠ নেতাদের দাবি, দলের বেশ কয়েকজন এমপি মনে করছিলেন যে শিবসেনা (ইউবিটি) ধীরে ধীরে কংগ্রেসের খুব কাছাকাছি চলে যাচ্ছে।

শিবসেনা এমপি নরেশ মহাসকে বলেন, কয়েকজন এমপি বারবার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। তাদের আশঙ্কা ছিল, ভবিষ্যতে দলটি কংগ্রেসের সঙ্গে একীভূত হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, দলের জ্যেষ্ঠ নেতা সঞ্জয় রাউত ‘কংগ্রেসের এজেন্ট’ হিসেবে কাজ করছেন এবং দলের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করছেন।

বিদ্রোহীদের বিরুদ্ধে রাউতের কড়া অবস্থান
সংকটের মধ্যেও বিদ্রোহী এমপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সঞ্জয় রাউত। দলীয় বৈঠকের পর তিনি অনুপস্থিত এমপিদের ‘বিশ্বাসঘাতক’, ‘অসৎ’ ও ‘প্রতারক’ বলে মন্তব্য করেন।

রাউত বলেন, ‘তারা এখনো দলের সদস্য। দলের প্রতীক ও নাম ব্যবহার করেই নির্বাচিত হয়েছেন। দলীয় হুইপ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, বিদ্রোহী এমপিদের অযোগ্য ঘোষণার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হচ্ছে।

ছয় বিদ্রোহী এমপির নিরাপত্তা বৃদ্ধি
রাজনৈতিক উত্তেজনার মধ্যে মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ছয় বিদ্রোহী এমপির নিরাপত্তা বাড়িয়েছে। তারা হলেন— সঞ্জয় দিনা পাটিল, নাগেশ পাটিল অষ্টিকার, ওম রাজে নিম্বলকর, ভাউসাহেব ওয়াকচৌরে, সঞ্জয় দেশমুখ এবং সঞ্জয় যাদব।

রাজ্যের গোয়েন্দা কমিশনার শিরীশ জৈনের জারি করা আদেশে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ওয়াই-প্লাস সমমানের নিরাপত্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘যদি তাদের সাহস থাকে, তাহলে নিরাপত্তা ছাড়া জনগণের মধ্যে ঘুরে বেড়াক।’