
হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত
সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অসংখ্য স্মৃতি, অবদান ও কর্মময় অধ্যায় রেখে গেছেন।
অ্যাডভোকেট হারুন অর রশীদ তাঁর রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পাশাপাশি তিনি সরকারের ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। দলীয় রাজনীতিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন।
এই প্রবীণ ও বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।











































