
নিহত লিফন মিয়া (৩২)
কাতারে কর্মস্থলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিফন মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বুধবার (১৭ জুন) কাতারের সমুদ্র উপকূলীয় সিমাল শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিফন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কাতারে যাওয়া লিফন মিয়া প্রতিদিনের মতো ঘটনার দিনও সিমাল শহরে ওয়েল্ডিংয়ের কাজ করতে যান। সেখানে ধাতব রড দিয়ে মাছের খাঁচা তৈরি করার সময় অসাবধানতাবশত একটি জীবন্ত বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমাগারে পাঠিয়েছে।
এদিকে লিফনের মৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।
নিহত প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বামীকে বিদেশে পাঠিয়ে আমাদের পরিবার এখনো ঋণগ্রস্ত। আমরা একদম অসহায় হয়ে গেলাম। আমাদের দুই কন্যাসন্তান নিহা (৬) ও মাহিয়া (২) আজ বাবা হারিয়ে এতিম হয়ে গেল।”
নিহত প্রবাসীর চাচাতো ভাই শাকিল আহমদ জানান, কাতারে ময়নাতদন্তসহ আইনি আনুষ্ঠানিকতা চলছে। সব প্রক্রিয়া শেষ করে মরদেহ কবে নাগাদ দেশে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।









































