শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার


Solimpur Rab

ছবি: বাসস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলী আকবর (২৬)। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার আলী আহমদের ছেলে।

শনিবার (২০ জুন) র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করে।

সংস্থাটি আরও জানায়, র‌্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ মামলায় দণ্ডবিধির ১৮৬০ সালের বিভিন্ন ধারা—৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ জানিয়েছে।