
বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ জুন) ভোরে মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে মোট সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সীমান্তের ওপারে তাদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন। বিজিবির কড়া অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই চারজন শূন্যরেখায় অবস্থান করেন।
স্থানীয়দের দাবি, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কোথা থেকে আনা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়েও আরও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সেখানেও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।
সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের ঘটনা বাড়তে থাকায় বিজিবি সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে। স্থানীয় বাসিন্দারাও সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে শূন্যরেখার আশপাশে সতর্ক অবস্থান নিয়েছেন।
৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। তিনি জানান, কোনো ধরনের অবৈধ পুশইন বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।










































