
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে—এমন কোনো প্রমাণ তারা পাচ্ছে না। তাঁর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের সামরিক কমান্ড প্রণালিটি বন্ধের ঘোষণা দিয়েছে।
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ রাষ্ট্রীয় গণমাধ্যমে জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।
ভ্যান্স বলেন, “ইরান সত্যিই হরমুজ প্রণালি বন্ধ করেছে—এমন কোনো প্রমাণ আমরা দেখছি না।” তিনি আরও জানান, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের ব্যাপারে তিনি সন্দিহান, যেখানে বলা হয়েছিল লেবাননের সংঘাত বন্ধে ব্যর্থতার কারণে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি দাবি করেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর তাঁর ধারণা হলো পরিস্থিতি ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং ‘প্রণালিটি এখন খোলা রয়েছে’।
এদিকে ইরান বলছে, ইসরায়েলের লেবাননে চলমান হামলার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে।
সূত্র: ফোর্বস








































