
সুমাইয়া সমাজী। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফেডারেশনের (এনএসএফ) মর্যাদাপূর্ণ ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি গবেষক ও কানসাস বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া সমাজী। তরুণ গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ এই স্বীকৃতির অংশ হিসেবে তিনি আগামী পাঁচ বছরে গবেষণার জন্য প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার অনুদান পাবেন।
সুমাইয়ার গবেষণার মূল বিষয় সরবরাহব্যবস্থার নিরাপত্তা। তার গবেষণার লক্ষ্য এমন একটি উন্নত ডিজিটাল প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে পণ্য ও ব্যক্তির পরিচয় নির্ভুলভাবে যাচাই করা সম্ভব হবে। এই প্রযুক্তি নকল পণ্য দ্রুত শনাক্ত করে জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সরবরাহব্যবস্থার প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে।
এবার সুমাইয়ার পাশাপাশি কানসাস বিশ্ববিদ্যালয়ের আরও দুই সহকারী অধ্যাপকও ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ জন সহকারী অধ্যাপকের মধ্যে ১১ জনই বিভিন্ন সময়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন।





































