
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় প্রথমে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৩৯ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকার কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাস থেকে পশ্চিমে সান ফেলিপের কাছেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাজধানী কারাকাসে কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম। পাশাপাশি পুয়ের্তো রিকো ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
শক্তিশালী এ কম্পন প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু বাসিন্দাকে ভবন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







































