বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৫ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
শেয়ার

রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ


রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশনার পর অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। ফৌজদারি আইনে পারদর্শী এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে আইনি লড়াই চালাবেন।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকেই মৃত্যুদণ্ড দেন। রায়ের পর সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।