
সংগৃহীত ছবি
কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে টিফিন বিরতিতে খাবার কিনতে বিদ্যালয়ের বাইরে গেলে ইথান আহমেদ নামের ওই শিক্ষার্থীর পিঠে গুলি লাগে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ইথান আহমেদকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতের উত্তেজনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাদকবিরোধী মানববন্ধন শেষে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণ শুরু হলে নিরীহ এই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।








































